
গুপ্তচর প্রতিবেদক :
নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রী ও আলগী খোসপাড়া এলাকায় আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব দাশ পুরকায়স্থ-এর নেতৃত্বে, তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১০০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া, রুপালি ডাইং নামক একটি শিল্প কারখানার প্রায় ১.৫ কোটি টাকা বকেয়ার কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের অংশ হিসেবে প্রায় ৮০০ ফুট হোস পাইপ অপসারণ করা হয়, যা অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনে ব্যবহৃত হচ্ছিল।
উল্লেখ্য, ছোট রামচন্দ্রী এলাকায় এর আগেও ছয়বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে সরকারের রাজস্ব ক্ষতি রোধসহ বৈধ গ্রাহকদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
Leave a Reply