
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের জেরে এক সময় দেশজুড়ে আলোচনায় আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর তাকে নরসিংদী সদর মডেল থানায় পদায়ন করা হলেও এখনো দায়িত্ব বুঝে নিতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, ডাকসু নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে পরবর্তীতে তিনি দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট করা হয়েছিল।
ঘটনার কয়েক মাস পর সম্প্রতি তাকে নরসিংদী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। কিন্তু পদায়নের পরও এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। বর্তমানে সদর থানার দায়িত্ব পালন করছেন এ আর এম আল মামুন।
একাধিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দিন ধরে নরসিংদীতে অবস্থান করলেও এখনো ওসি হিসেবে চেয়ারে বসতে পারেননি মোজাফ্ফর হোসেন। বিষয়টি নিয়ে পুলিশের ভেতরেও নানা গুঞ্জন চলছে। কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক বিভিন্ন বিষয় ও স্থানীয় সমন্বয়ের কারণে তার দায়িত্ব গ্রহণে বিলম্ব হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, অতীতে নরসিংদী জেলায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মোজাফ্ফর হোসেনের। সে সময় একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন বলেও দাবি করেন অনেকে।
তবে পুলিশ প্রশাসনের ভেতরে চেইন অব কমান্ডের এ ধরনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ। তাদের মতে, পদায়নের পরও কোনো কর্মকর্তার দায়িত্ব গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হলে তা প্রশাসনিক কাঠামোর জন্য ভালো বার্তা দেয় না।
এদিকে, বিষয়টি নিয়ে ওসি মোজাফ্ফর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এ বিষয়ে বলেন, আপনি অফিসে আসেন, এটা কি সাংবাদিকতার এক্তিয়ারে পড়ে “. একজন এসপিকে কি আপনি এই প্রশ্ন করতে পারেন?
এ ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা চললেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। পরিস্থিতি কীভাবে সমাধান হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল বাড়ছে।
Leave a Reply