
গুপ্তচর প্রতিবেদক :
নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল মনোহরদী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ৫০টি গাড়ি সরবরাহ করতে না পারলে পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। আজ সকালে তার নিজ বাসভবনে এমডিকে ডেকে এই হুমকি দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এমডিকে বলতে শোনা যায়, “এত গাড়ি কোথা থেকে দেব?” জবাবে বকুল বলেন, “সেটা আমি জানি না। গাড়ি না দিতে পারলে পরিবহন বন্ধ।”
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে বকুল এই গাড়ি চেয়েছেন। তবে বেলাবো ও মনোহরদী এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরও কয়েকজন নেতা রয়েছেন। সব গাড়ি বকুল নিয়ে নিলে তারা গাড়ি পাবেন কোথায়—এমন প্রশ্ন উঠেছে। বকুল সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যে তার নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে এলাকায়। সর্বশেষ এই হুমকির ঘটনায় তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও চাপ প্রয়োগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা নেতাদের মধ্যে সমন্বয় ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply