নিজস্ব প্রতিবেদক
“ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে”—প্রচলিত এই প্রবাদটির মতোই রাজনীতির মাঠেও ব্যবসায়িক কৌশল প্রয়োগের অভিযোগ উঠেছে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর বিরুদ্ধে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসন থেকে নির্বাচন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। পারিবারিকভাবেই তিনি ব্যবসার সঙ্গে জড়িত; তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং তিনিও বর্তমানে একটি বেসরকারি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, সারাদেশে বিএনপির মনোনয়ন ঘোষণার দিন তালিকায় তার নাম না থাকায় নরসিংদীজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে তার নাম ঘোষণাই ছিল অনেকের কাছে স্বাভাবিক। কিন্তু নাম না আসায় ধারণা করা হয়, তিনি হয়তো মনোনয়ন পাননি।
তবে পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মনোনয়ন ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত করার পেছনে মঞ্জুর এলাহীর নিজস্ব কৌশল ছিল। অভিযোগ রয়েছে, তিনি নিজেই দলের শীর্ষ পর্যায়ে অনুরোধ করে তার নাম প্রাথমিক ঘোষণায় না রাখার ব্যবস্থা করেন।
আরও জানা যায়, তারেক রহমান দেশে আসার একদিন আগে মনোনয়নের কাগজ প্রকাশ করা হয়, যদিও সেটিতে ছয় দিন আগেই স্বাক্ষর করা ছিল। মনোনয়নপত্র প্রকাশের সময় একদিনেই চূড়ান্ত তালিকা নিশ্চিত করা হয়, যা আগে থেকে খুব সীমিত পরিসরে গোপন রাখা হয়েছিল।
এদিকে বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে—অনেক কষ্ট ও বিপুল অর্থ ব্যয় করে মঞ্জুর এলাহী মনোনয়ন পেয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এই কৌশলের মাধ্যমে তিনি একদিকে যেমন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করেছেন, অন্যদিকে মানুষের সহানুভূতিও অর্জন করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, আগেভাগে মনোনয়ন ঘোষণা করা হলে প্রচারণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে অতিরিক্ত ব্যয় হতো। সেই খরচ এড়াতেই এই কৌশল নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে মঞ্জুর এলাহীর ঘনিষ্ঠ একজন জানান, এই পদ্ধতিতে প্রায় ১০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। শিবপুরে এমপি নির্বাচন করেও লাভবান হয়েছেন তিনি।
তবে এ বিষয়ে মঞ্জুর এলাহীর বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ এটিকে কৌশলী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন রাজনীতি ও ব্যবসার মিশ্রণ নিয়ে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.