নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী সদর উপজেলায় ইয়াবাসহ এক কিশোরকে গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক ও অভিযোগ। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগের বিপরীতে পুলিশের দাবি, অভিযানে মাদক উদ্ধার করেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে নরসিংদী সদর থানার একটি টিম অভিযানে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরকে ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই বিপ্লব, এএসআই সাইফুল ও এএসআই আল-আমিন। পরবর্তীতে তাকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
তবে গ্রেফতার হওয়া কিশোর ফাহিমের পরিবারের অভিযোগ, ঘটনাটি ভিন্ন। তাদের দাবি, ফাহিমকে জাহাঙ্গীরের বাড়ির ভিতরে তরমুজ খাওয়ার সময় আটক করা হয় এবং তার কাছে কোনো মাদক ছিল না। পরে তাকে বাইরে নিয়ে গিয়ে পকেটে ইয়াবা ঢুকিয়ে ভিডিও ধারণ করা হয় এবং থানায় নিয়ে আরও বেশি পরিমাণ ইয়াবা দেখিয়ে চালান দেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ফাহিম ঢাকায় তার খালার অপারেশনে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল। এ সময় পুলিশ তাকে আটক করে। তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে পরিবারের আরও অভিযোগ, ফাহিমকে ছেড়ে দেওয়ার জন্য এএসআই সাইফুল টাকা দাবি করেন এবং ৫ হাজার টাকা নেওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে এএসআই সাইফুল বলেন, “আমি কোনো টাকা-পয়সা নিইনি। যা উদ্ধার হয়েছে, তার ভিত্তিতেই তাকে চালান দেওয়া হয়েছে।”
অন্যদিকে অভিযানের নেতৃত্বদানকারী এসআই বিপ্লব সরকার বলেন, “অভিযানে ফাহিমের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাক্ষীও রয়েছে।”
এ বিষয়ে নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগ ও পুলিশের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.