নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখিয়ে ৬ শিক্ষার্থীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামের এক প্রতারক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পরীক্ষার কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়েছে প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থীরা, আর গত রাত থেকেই কোন হদিস মিলছেনা প্রতারক শিক্ষকের।
শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়য়ের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৬ শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠান নরসিংদী ডিজিটাল গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখায় প্রতারক শিক্ষক আমিনুল ইসলাম। পরবর্তীতে তাদের কাছ থেকে জন প্রতি ২৫ হাজার টাকা নিয়ে রেজিষ্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেয়ার আশ্বাস দেন। গতকাল রাত পর্যন্ত দেয়া আশ্বাসের পর তাদেরকে রায়পুরা উপজেলার বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা বলে মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। এর পর থেকে পলাতক রয়েছে প্রতারক শিক্ষক আমিনুল ইসলাম। বৃহস্পতিবার যথারীতি পরীক্ষার সেন্টারে গিয়ে সেখানে বৈধ কাগজপত্র ছাড়া হলে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়ে শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে ফিরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার পাশাপাশি প্রতারক শিক্ষকের বিচার দাবী করে।
এব্যাপারে বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, বিষয়টির সম্পর্কে এখনো লিখিত অভিযোগ না পেলেও প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে বিদ্যালয়টির অনুমোদনের কোন প্রমান এখনো পাওয়া যায়নি। প্রতারক শিক্ষককের বিরুদ্ধে দ্রুতই প্রচলিত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদেরও প্রতারকদের হাত থেকে সাবধানতা অবলম্বনের আহব্বান জানান জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.