
নরসিংদী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী স্টেডিয়ামে আজ সোমবার (৯ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন করেছে নরসিংদী জেলা বিএনপি। তবে এই ইফতার মাহফিলকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন মহলে এই আয়োজন নিয়ে নিন্দা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য দাওয়াত কার্ড সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এ বিষয়টি নিয়ে অনেক নেতাকর্মীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দলের অনেক ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীকে দাওয়াত দেওয়া হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নেতাকর্মীর ক্ষোভ প্রকাশ করে দেওয়া পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
একাধিক ত্যাগী নেতাকর্মী অভিযোগ করে বলেন, দলে নতুন যোগ দেওয়া হাইব্রিড ও দালাল শ্রেণির লোকজনের কারণে প্রকৃত ত্যাগী নেতারা অবহেলিত হচ্ছেন। তাদের মতে, দলের জন্য দীর্ঘদিন কাজ করা অনেক নেতাকর্মী এই আয়োজন থেকে বঞ্চিত হয়েছেন।
এছাড়াও ইফতার মাহফিলে সাংবাদিকদের দাওয়াত দেওয়া নিয়েও সমালোচনা উঠেছে। অভিযোগ রয়েছে, নরসিংদীর সিনিয়র ও পেশাদার সাংবাদিকদের অনেককেই দাওয়াত দেওয়া হয়নি। বরং যেসব ব্যক্তি নিজস্ব কোনো সংবাদমাধ্যম ছাড়াই শুধু ফেসবুক পেজ পরিচালনা করেন, এমন কিছু কথিত সাংবাদিককেও দাওয়াত দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন সাংবাদিকের দাবি, জাতীয় পত্রিকায় কর্মরত অনেক পেশাদার সাংবাদিক দাওয়াত বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে প্রচার চালান, তাদেরই অগ্রাধিকার দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
অন্যদিকে কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আর্থিক অনুদান বা ডোনেশনের বিষয়টিও প্রভাব ফেলেছে। যারা মোটা অংকের ডোনেশন দিয়েছেন, তাদেরকেই বেশি গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই এই ধরনের আমন্ত্রণ পদ্ধতিকে দলীয় ঐক্য ও সৌহার্দ্যের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
তবে এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply