নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা-এ নিখোঁজের সাত দিন পর মোজাহিদ নামে সাত মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে শিশুটির মা সেটিকে তার সন্তান হিসেবে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে শিশুটিকে তার বাবা মেরাজ মিয়া হত্যা করে ডোবায় ফেলে রাখতে পারেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত মেরাজ মিয়া মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং পেশায় জুতা তৈরির কারিগর। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকত। গত ১৭ এপ্রিল শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামীই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি এর বিচার চান।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.