শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
জেলা এনএসআই নরসিংদী কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত শিবপুর উপজেলার দুলালপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শিবপুর থানা পুলিশের সহযোগিতা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াছমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘কাসেম এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়।
এছাড়া দোকানটিতে অননুমোদিতভাবে এবং বিএসটিআই নির্ধারিত মূল্য ছাড়া জ্বালানি তেল বিক্রি ও গুদামে অবৈধভাবে প্রায় ২০০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে মালিক কাসেমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে দুলালপুর মোড়ে অবস্থিত ‘মোতাহার সুইটস’ নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সিঙ্গারা প্রস্তুত ও বিক্রির দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.