
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), উপজেলা প্রশাসন ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ ৫ এপ্রিল (রবিবার) এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের কুন্দারপাড়া এলাকায় শরীফ (৩৮) নামের এক ব্যক্তির অবৈধভাবে তেল মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে তার গোডাউন থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি হাইওয়ে সড়কের আশপাশে পরিত্যক্ত একটি ঘর থেকে আরও ৮৪০ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এছাড়া জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১৬৪০ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জব্দকৃত জ্বালানি তেল শিবপুরের নিলময় ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে একই এলাকায় ‘বন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামক প্রতিষ্ঠানে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোঃ আলআমিন (৪০) নামের এক ব্যক্তিকে ৪০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply