রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এর রায়পুরা থানা পুলিশ।
রোববার (১১ মে) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জদ্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটির সময় বিকেল ৬টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তরশিক (আইয়ুব খানের মোড়) এলাকার আব্দুল আজিজ (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেন। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে এসআই (নিঃ) মোহাম্মদ শফিউল্লাহ শিকদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনার সময় রাত ১১টার দিকে রতনপুর বাজার এলাকার ভাই ভাই গ্যারেজের সামনে থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তার দখল থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।
এদিকে এসআই (নিঃ) দিবস কুমার মৃধা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে চরসুবুদ্ধি ডেঙ্গপাড়া এলাকার একটি বসতঘর থেকে জুয়েল (২৬) নামে এক যুবককে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানা এর অফিসার ইনচার্জ।