নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডাকাতির মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর থানার মামলা নং-৬, তারিখ ১৩ জুলাই ২০২৬, ধারা-৩৯৪-এর তদন্তের ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই আব্দুল কাইয়ুম, এসআই মোবারক, এসআই হাসান ও এসআই বিপ্লবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত সন্দেহে মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া কানের দুলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।